রাজধানীতে ফের বিচ্ছিন্ন অর্ধলক্ষ ইন্টারনেট সংযোগ

২৭ জানুয়ারি, ২০২১ ১৮:১৪  
ঝুলন্ত তার ইস্যুতে ফের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলেন রাজধানীর প্রায় অর্ধলক্ষের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাগ্রহিতা। দৈনিক বাংলা মোড় বক্সকালভার্ট এলাকার রহমানিয়া মার্কেটের পাশের গলি দিয়ে টেনে নেয়া ৮০০ মিটারের মতো ক্যাবল কাটা পড়ায় আচমকা সংযোগ বিচ্ছিন্ন হয়েছেন তার। ওই অঞ্চলটিতে বিডিআইএক্স পপ থাকায় ঢাকার বাইরেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের বেশিরভাগ আইআইজি ও আইএসপি’র মতিঝিল পপও রয়েছে এখানে। সব মিলিয়ে ১২৯টি আইএসপি’র ৩০-৪০ হাজার কর্পোরেট গ্রাহক সহ অর্ধলক্ষ গ্রাহক সরাসরি এই ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। সংগঠনটির পরিচালক নাজমুল করিম ভূঁইয়া জানিয়েছেন , কোনো ঘোষণা ছাড়াই ঢাকা দক্ষিণ সিটির ম্যাজিস্ট্রেট তানজিলা কবিরের নেতৃত্বে এই সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালানো হয়েছে। এতে মতিঝিল, যাত্রাবাড়ি, কাকরাইল, কমলাপুর, খিলগাঁও, বাসাবোর গ্রাহকরা সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে ডিজিটাল বাংলাদেশের নাগরিক জীবনের ‘শ্বাস-প্রশ্বাস’ হিসেবে বিবেচিত এই সেবা বিচ্ছিন্ন হয়ে এখন গ্রাহক-সেবাদাতা মুখোমুখি অবস্থানে রয়েছে।